
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শব্দ দূষণ রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৭ সেপ্টেম্বর) কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারায় তিনটি যানবাহনের মালিককে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি হর্ণ জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























