
শেরপুর প্রতিনিধি :
শেরপুর পৌর এলাকার কসবা মোল্লাপাড়ার লাকী তালুকদার নামে এক মহিলার বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের বিরুদ্ধে হামলা ভাংচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে।
অভিযোগসূত্র ও ভুক্তভোগীর বক্তব্যে জানা যায়, গতকাল ১ মে রাত ৮.৩০ টার দিকে ভুক্তভোগী লাকী তালুকদারের বাড়িতে তার স্বামী আলমাস তালুকদারের চাচাতো ভাই মৃত মজিবর তালুকদারের ছেলে জাহাঙ্গীর গং এর নেতৃত্বে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এসময় হামলাকারীরা রাতের বেলায় ব্যাপক ভাংচুর ও লুটপাট করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। ভুক্তভোগী লাকি তালুকদারের স্বামী আলমাস জানান, জাহাঙ্গীরের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতের বেলায় আমার বাড়িতে এসে আমার স্ত্রীর সন্তান ও আমার উপর হামলা করা সহ বাড়িতে ব্যাপক ভাংচুর লুটপাট তান্ডব লীলা চালায়।এতে আমার বাড়ির আসবাবপত্র এবং আলমারিতে গচ্ছিত রাখা ৮ ভরি স্বর্ণালংকার সহ ২০ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ।এর মধ্যে আলমারিতে থাকা নগদ ৫ লক্ষ ৪০ হাজার ও ৫ ভরি স্বর্ণালংকার তারা লুট করে নিয়ে যায়।
লাকী তালুকদার বলেন, আমার ছেলে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বই ও আইডি কার্ড ও জাহাঙ্গীরের লোকজন ছিড়ে ফেলে। আমরা প্রাণভয়ে দ্রুত পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করি। পরে খবর পেয়ে আজ ২ মে শুক্রবার শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে অভিযুক্তদের মধ্যে আলমগীর নামে একজনের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের নিজস্ব জমিতে কাজ করতে গেলে লাকি আক্তার বাধা দেয় এবং এক পর্যায়ে আমার ছেলের উপর আক্রমণ করে।এ ঘটনার পর তার বাড়িতে কে বা কারা হামলা করেছে এ বিষয়ে আমি জানিনা।
এ ঘটনায় শেরপুর সদর থানায় ভুক্তভোগী লাকি তালুকদার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি তদন্তাধীন আছে।





























