
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে চলমান এই স্থবিরতার কারণে স্টেশনটি এখন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ সাত মাস ধরে ধীরগতিতে চলার পর অবশেষে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সংস্কারের নামে প্ল্যাটফর্ম ও চারপাশ খুঁড়ে রাখায় স্টেশনজুড়ে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা, যার ফলে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন ভুক্তভোগী সাধারণ যাত্রীরা। তারা দ্রুত এই নরকযন্ত্রণা থেকে মুক্তি চান।সরেজমিনে স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ভাঙাচোরা এবং নির্মাণ সামগ্রী যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর ফলে ট্রেন থেকে নামতে বা ট্রেনে উঠতে গিয়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ স্থানীয় নিয়মিত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি স্টেশনের কাজ সাত মাস ধরে এভাবে ঝুলে থাকতে পারে না। প্ল্যাটফর্মের অবস্থা এতই খারাপ যে সুস্থ মানুষের পক্ষেও এখন নিরাপদে ট্রেনে ওঠা কঠিন। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।"এ বিষয়ে কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আলামিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জনদুর্ভোগের সত্যতা স্বীকার করে বলেন, "কাজের ধীরগতি বা বন্ধ থাকার মূল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ভালো বলতে পারবে। তবে এটা ঠিক যে, কাজ এভাবে পড়ে থাকায় সাধারণ যাত্রীদের প্রতিদিন চরম ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।"কাজের এই চরম উদাসীনতা ও ঢিলেঢালা ভাব সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তব্যরত প্রতিনিধি জনি স্পষ্ট ভাষায় জানান, "বাজেট শেষ, তাই কাজ বন্ধ করে রেখেছি।" পর্যাপ্ত বরাদ্দ না পাওয়া পর্যন্ত কাজ পুনরায় শুরু করা সম্ভব নয় বলেও ইঙ্গিত দেন তিনি।স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল মনে করছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা এবং বাজেট জটিলতা দ্রুত নিরসন না হলে যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কাওরাইদ স্টেশনের সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ লাঘব করতে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবিলম্বে কার্যকর হস্তক্ষেপই এখন স্থানীয় মানুষের একমাত্র দাবি।





























