
মোঃ রায়হান মাহামুদ :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কালীগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার জামালপুর বাজারে অবস্থিত আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান।
সভায় বক্তারা বলেন, নিবন্ধিত চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ানের মাধ্যমে তাঁরা স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছেন। সরকারি নিয়মনীতি অনুসরণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। তবে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বর্জ্য ব্যবস্থাপনা, নারকোটিকস ছাড়পত্র, টিআইএন, বিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ও ডিজি হেলথ লাইসেন্স সংগ্রহ এবং নবায়নের ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয় বলে তাঁরা জানান।
বক্তারা আরও বলেন, একজন চিকিৎসক সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতা দিয়ে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হলে অনেক সময় ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। এ পরিস্থিতিতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কার্যক্রম আরও গতিশীল করতে দ্রুত নতুন লাইসেন্স প্রদান ও নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
সভায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় উপজেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান সমস্যা, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান উন্নয়ন এবং সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।




























