
বিপ্লব দাস বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারের চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা একই পরিবারের এক দম্পতি ও তাঁদের পাঁচ মাস বয়সী শিশুসন্তান অক্ষত রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা রেলস্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরও রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে চট্ট-মেট্রো-গ-১২-৫০৯৮ নম্বরের একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে গাড়িটির চালক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটিতে পাঁচ মাস বয়সী শিশুসন্তানসহ এক দম্পতি ছিলেন। তাঁরা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারত করতে এসেছিলেন। মাজার জিয়ারত শেষে তাঁদের শ্রীপুর বুড়া মসজিদে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনায় তাঁরা অক্ষত রয়েছেন।
বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রাইভেট কারের চালক আহত হয়েছেন এবং অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।




























