
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলার নজিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. মুরশেদুল আলম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্প (ইসিসিসিপি-ড্রট)-এর আওতায় গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ২৬৩ জন শিক্ষার্থী এবং ১৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে নিম, আমড়া, জলপাই, কাঁঠাল ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির মোট ১ হাজার ৪১০টি চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. এনামুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও ক্রমবর্ধমান তাপমাত্রা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অন্যদেরও এ কাজে উৎসাহিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; রোপণ করা চারার যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। চারাগুলো বড় হয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ও নির্মল পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।




























