
বিপ্লব দাস: বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।শনিবার (১ আগস্ট) বোয়ালখালী উপজেলা সদরে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মন্দির, পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির প্রাথমিক নেতৃত্ব ঘোষণা করা হয়।সম্মেলনে সর্বসম্মতিক্রমে চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রমের বর্তমান সভাপতি স্বপন শীলকে সভাপতি, প্রলয় চৌধুরী (মুক্তি)কে সাধারণ সম্পাদক এবং বিপ্লব দাশ বাবু'কে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়।নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বোয়ালখালী উপজেলার সব পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।সম্মেলনে জানানো হয়, আগামী ১০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।এ সময় বোয়ালখালী উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



























