
শফিকুল স্টাফ রিপোর্টারঃ জনগণের আস্থার মর্যাদা রক্ষা এবং কাগজ-কলমের পরিবর্তে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপিসম্প্রতি গফরগাঁও উপজেলার ১নং মশাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, “জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হবে। উন্নয়ন যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, মানুষ যেন তার সুফল বাস্তবে পায়—এটাই আমাদের মূল লক্ষ্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতিটি ইউনিয়নে দলের একাধিক প্রার্থী থাকতে পারে, তবে যার জনপ্রিয়তা বেশি তাকেই দলীয়ভাবে বেছে নেওয়া হবে এবং বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এটি দলের শীর্ষ নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ । প্রতি ইউনিয়নে দলের ১ জন সমর্থিত একক প্রার্থী থাকবে। এর বাইরে একাধিক প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, আসন্ন ইউপি ও পৌরসভাসহ প্রতিটি স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ সময় তিনি ধর্মকে পুঁজি করে রাজনীতি করা একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান ।১নং মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো: ইসাহাক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মীর আখলাকুর রহমান (ন্নানু), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলাম, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. ফজলুল হক এবং পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আবদুল হামিদ প্রমুখ ।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



























