
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের বোদায় মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মাস্তুল ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের এডিশনাল সিইও আবু মো. কামরুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়েও তাদের কার্যক্রম শুরু হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের উন্নয়নে ফাউন্ডেশন আরও ব্যাপকভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ কার্যক্রমে ব্যক্তিগত ও সরকারি পর্যায় থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।মাস্তুল ফাউন্ডেশনের এডিশনাল সিইও আবু মো. কামরুজ্জামান জানান, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন উপকারভোগীর মধ্যে টিউবওয়েল এবং দুই নারীকে প্রাথমিক পর্যায়ে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। টিউবওয়েল স্থাপনের যাবতীয় খরচ ফাউন্ডেশন বহন করবে। পাশাপাশি সেলাই মেশিন পাওয়া নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।



























