
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্ধুরা গ্রামের কবরস্থান মোড় থেকে দক্ষিণের রাস্তার মোড় পর্যন্ত এলাকায় জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি বসতবাড়ির একেবারে পাশ ঘেঁষে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের দাবি, জননিরাপত্তার স্বার্থে বর্তমান স্থান থেকে খুঁটিগুলো সরিয়ে নিরাপদ স্থানে স্থাপন করা হোক।
এ বিষয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়ার বিরুদ্ধে অভিযোগ তুললেও তিনি তা অস্বীকার করেছেন। সেলিম মিয়া বলেন, "এলাকায় দীর্ঘদিন ধরে নিম্ন ভোল্টেজের সমস্যা রয়েছে। জনগণের সুবিধার জন্য নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন, নতুন ক্যাবল সংযোগ এবং একটি ট্রান্সফরমার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সরকারি প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। সরকার প্রয়োজন মনে করেই এ প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে এলাকাবাসীর ভোগান্তি কমবে।"
সাবেক ইউপি সদস্য নাজিমুদ্দিন বলেন, "জনস্বার্থেই এ কাজটি করা হচ্ছে।"
এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, "বিদ্যুতের লাইন রাস্তা দিয়েই নেওয়া হবে, কোনো ব্যক্তির বাড়িঘরের ওপর দিয়ে নয়। কারিগরি প্রয়োজন অনুযায়ী উপযুক্ত স্থানে ট্রান্সফরমার স্থাপন করা হবে।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।



























