
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও সেচব্যয় কমাতে ৩৭ জন কৃষকের মধ্যে আধুনিক কৃষি উপকরণ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি। বৃহস্পতিবার সকালে উপজেলার আমবাগান শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইয়িং (এডব্লিউডি) পাইপ এবং ভার্মিকম্পোস্ট সার তৈরির উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
ব্র্যাক সূত্রে জানা গেছে, একজন কৃষককে একটি আধুনিক ধান মাড়াই যন্ত্র, ৩০ জন কৃষককে এডব্লিউডি পাইপ এবং ছয়জন কৃষককে ভার্মিকম্পোস্ট (কেঁচো) সার তৈরির উপকরণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান।
নিলুফার ইয়াসমিন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে আরও প্রযুক্তিনির্ভর করতে হবে। ব্র্যাকের এডব্লিউডি প্রযুক্তি ভূগর্ভস্থ পানির অপচয় কমানোর পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান কৃষকদের আধুনিক সেচব্যবস্থা ও জৈব সার ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেন। তিনি বলেন, এডব্লিউডি পদ্ধতি ব্যবহার করলে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সেচের পানি ও জ্বালানি খরচ সাশ্রয় করা সম্ভব। একই সঙ্গে ভার্মিকম্পোস্ট সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি পায়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক সরকার হাসান ওয়াইজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এরিয়া ম্যানেজার সামছুল হুদা, সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, আমবাগান শাখা ব্যবস্থাপক তপন চন্দ্র বসাক, বানিয়াজান শাখা ব্যবস্থাপক রাজিয়া সুলতান, ভাইঘাট শাখা ব্যবস্থাপক দিলিপ চন্দ্র দে এবং বর্গা চাষী প্রকল্পের শাখা ব্যবস্থাপক সানোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের পরিবেশবান্ধব ও সাশ্রয়ী কৃষি প্রযুক্তি নিজেদের জমিতে ব্যবহার এবং অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান।




























