
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী চৈতারভিটা সাপ্তাহিক একতা বাজার মালিক সমিতি-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মাহতাব উদ্দিন (গরম) পুনরায় সভাপতি এবং মো. সবুজ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর বাজার মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় তিন বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় বাজারের ২০১ জন সদস্যের সর্বসম্মত মতামত ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি অনুমোদন করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান (মিলিটারি), সহ-সভাপতি মো. আসাদ মেম্বার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো. কাঞ্চন। এছাড়া তিনজনকে ক্যাশিয়ার এবং বাকিদের নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।সভায় বক্তারা জানান, নবনির্বাচিত সভাপতি মাহতাব উদ্দিন (গরম) দীর্ঘ ২৩ বছর ধরে সফলতার সঙ্গে বাজার মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বের ধারাবাহিকতায় আস্থা রেখে ব্যবসায়ীরা আবারও তাকে সভাপতি নির্বাচিত করেছেন।কমিটি গঠনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।





























