
বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনের অভিযোগে দুই যুবককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সুফিহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পাশে রাব্বির টিনের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনরত অবস্থায় মো. নাজমুল হক নয়ন (২০) ও মো. ফারুক হোসেন (৩২)কে আটক করা হয়।
পরে পুলিশ বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে দুই আসামিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, কাগজের তৈরি একটি পাইপ ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হক নয়ন উপজেলার জয়পুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে এবং মো. ফারুক হোসেন ভিয়াইল উত্তরপাড়ার মো. মোহসিন আলীর ছেলে।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




























