
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. আলমগীর মিয়া (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ইছকন্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, সিলেটমুখী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৪০৩) ও ঢাকামুখী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৮৯০)-এর মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকচালক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই গাড়ির চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ট্রাকচালক মো. আলমগীর মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
#আলোকিত সকাল/ফাহাদ





























