
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ব্রহ্মপুত্র নদীতে অবৈধভাবে কারেন্ট শক, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার রোধে গাইবান্ধায় রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল ৫ মে গভীর রাতের এ অভিযানে কোনো কারেন্ট শক যন্ত্র বা এ ধরনের অবৈধ কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান চলাকালে কাউকে কারেন্ট শক ব্যবহার করে মাছ ধরতেও দেখা যায়নি। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ জানান, “নদীতে অবৈধ মাছ ধরা বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গতরাতে আমরা নিজেরাও উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেছি, তবে কোনো অনিয়ম চোখে পড়েনি। অভিযানে অংশ নেন গাইবান্ধা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার, ফুলছড়ি থানা পুলিশ, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।





























