
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, গাজীপুর জেলার সিভিল সার্জন ডাঃ মামুনুর রশিদ এবং গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফীন বাদল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। ভাওয়াল গড়ের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল-আল-মামুন বলেন, গাজীপুরের বনাঞ্চল রক্ষা এবং সবুজায়নকে আরও বেগবান করতে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি সাধারণ মানুষকে মেলা থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সংগ্রহ করে তা রোপন করার অনুরোধ করেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ভাওয়াল গড়ের বনভূমি রক্ষা, অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ এবং পরিবেশ দূষণ রোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।




























