
স্টাফ রিপোর্টার স্ত্রী প্রবাসে যাওয়ার তিনদিন পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রজনী লাইন গ্রামে তিন শিশুসন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেছেন শরাফত আলী নামের এক বাবা। এতে মর্মান্তিকভাবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শরাফত আলীকে হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।নিহত তিন শিশু হলো মাওয়া (১০), শামিম (৭) ও তামিম (২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রাতের কোনো এক সময়ে শরাফত আলী তাঁর তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তাঁদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা.হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।শরাফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্ত্রী প্রবাসে যাওয়ার তিনদিন পর এ ঘটনা ঘটলেও এর সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না,তা তদন্তে নিশ্চিত হবে।বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভোরে খবর পেয়ে পুলিশ বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর মরদেহ দেখতে পায়। গুরুতর আহত বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।




























