
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ, সাধারণ মানুষের নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের বক্তব্য ও মতামত শুনে নবাগত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি অপরাধ দমনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং গাজীপুরের বিভিন্ন উপজেলা ও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























