
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিভিয়ে ফেলায় স্মৃতি স্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি স্মৃতি স্তম্ভের উত্তর পাশে সাদা কাপড় দিয়ে তৈরি সাজসজ্জার বাইরে থেকে কেরোসিনে ভেজানো কাপড়ে আগুন লাগিয়ে স্মৃতি স্তম্ভের দিকে ছুড়ে মারে। আগুনের গোলাটি স্মৃতি স্তম্ভের সামনে পড়ে জ্বলতে শুরু করলে সেখানে রাত্রীকালীন পাহারায় থাকা পুলিশ সদস্যরা দ্রুত বালতির পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার সময় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের এএসআই মো. শাহজালাল, এএসআই মো. আব্দুল করিম এবং কয়েকজন কনস্টেবল স্মৃতি স্তম্ভে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং স্মৃতি স্তম্ভের কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।
দুর্বৃত্তদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।





























