
ইসরাফিল ইসলাম মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের নতুন অনুমোদিত কমিটি গঠন করা হয়েছে। সমিতির কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ নিরসনের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় নবগঠিত কমিটির সদস্যরাও সংসদ সদস্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রম স্বেচ্ছাচারীভাবে পরিচালিত হওয়া, নির্বাচন ছাড়াই কমিটি গঠন, সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে সমিতির স্বাভাবিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষায় বর্তমান কমিটির কার্যক্রম অব্যাহত রাখা সমীচীন নয় বলে মনে করেন সংসদ সদস্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে সংসদ সদস্য নিজেও সম্পৃক্ত ছিলেন। জনস্বার্থ ও সমিতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন অনুমোদিত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সমিতির কার্যক্রম সমবায় সমিতির প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজাউল করিম মণ্টু, মকবুল হোসেন ও তৈয়ব আলী।
১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাসিব, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অরুন কুমার, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নওশেদুর রহমান এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম।
এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন, ইসরাফিল আলম, মোজাহার আলী, মামুনুর রশিদ, আল- আমিন (১), মোজাম্মেল হক ও আতাউর রহমান।
নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু তাঁদের শুভেচ্ছা জানান। অন্যদিকে নবগঠিত কমিটির সদস্যরাও সংসদ সদস্যকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা ফিরে আসবে। পাশাপাশি সমিতির সাধারণ সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে নবগঠিত কমিটি।




























