
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো. সেলিম সরকার। সোনারগাঁয়ের নয়াপুর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাদীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি কখনো কারও কাছে চাঁদা দাবি করেননি। তিনি মাদকের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে কাজ করে আসছেন উল্লেখ্য করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, গত ৩০ বছর ধরে তারা নয়াপুর বাজারে ব্যবসা করছেন। সেলিম সরকার কখনোই কারও কাছে চাঁদা চাননি,বরং তিনি সবসময় এলাকাবাসীর বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। এলাকায় তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত।




























