
সাআদ মাহমুদ। হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো দায়ের কোপে মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৪নং সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মজিবুর রহমান খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফারুক আহমেদ (৩০)-কে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে মজিবুর রহমান নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে ফারুক আহমেদ হঠাৎ ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ফারুক আহমেদকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





























