
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আমলকী, আম ও কাঁঠালের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারজেল আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়ালী উল্ল্যাহ সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মাছুম, ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম মাখনী মাহিন, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বাবুল মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।
শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, “সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তোমরা প্রতি বছর অন্তত একটি করে গাছ স্কুলে বা বাড়ির আশপাশে লাগাবে। আজ যে গাছ লাগাবে, সেটি বড় হয়ে একদিন তোমাদের ছায়া দেবে, নির্মল বাতাস দেবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “বাড়িতে গাছ লাগালে পরিবেশ সুন্দর হবে, বিশুদ্ধ বাতাস পাওয়া যাবে এবং আগামী প্রজন্ম একটি সবুজ বাংলাদেশ পাবে।”
এর আগে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের দেখানো হয়।





























