
শফিকুল স্টাফ রিপোর্টারঃ জনগণের জানমাল রক্ষা এবং অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। আজ ০৭ জুলাই (২০২৬) জিএমপি সদর দপ্তরে সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সাংবাদিক মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, নগরীতে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত চলমান রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে গ্রেফতারি পরোয়ানা তামিল, দ্রুত মামলা নিষ্পত্তি এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে জোরদার কার্যক্রম চালাচ্ছে জিএমপি।শিল্পাঞ্চল, আবাসিক এলাকা, মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সদ্ব্যবহার করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ক্ষেত্রে গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন কমিশনার।উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।





























