
গোলাম রাব্বি, লালপুর(নাটোর) প্রতিনিধি নাটোরের লালপুরে অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা জেলার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চেতনানাশক বিভিন্ন সামগ্রীসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন ‘ভাই ভাই ফল ভান্ডার’ নামের একটি ফলের দোকানে গত ২৬ আগস্ট সকালে অজ্ঞান পার্টির সদস্যরা প্রতারণার মাধ্যমে দুই ব্যবসায়ীকে অচেতন করে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দিন সকাল আনুমানিক ১১টার দিকে দোকানের মালিক মো. রাসেল (২৬) ও তার অংশীদার মো. শামীম হোসেন (৩৫) দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফল ব্যবসায়ী পরিচয়ে দোকানে এসে পাইকারি দামে ডাব, তরমুজ ও সামমাম বিক্রির কথা বলেন। ওই ব্যক্তি প্রথমে তরমুজ ও সামমাম কেটে রাসেল ও শামীমকে খেয়ে দেখার জন্য দেন। তারা খেতে অপারগতা প্রকাশ করলে পরে তাদের ডাব পান করতে বলা হয়। সরল বিশ্বাসে ডাব পান করার কিছুক্ষণের মধ্যেই দুজন অচেতন হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, ডাবের মধ্যে চেতনানাশক ওষুধ মেশানো ছিল। তারা অচেতন হয়ে পড়ার পর তাদের কাছে থাকা ব্যবসার নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে মাথা ও মুখে পানি দেন। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পর তাদের জ্ঞান ফিরলে তারা ঘটনার বিষয়টি স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে তাদের পরামর্শে লালপুর থানায় মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য ও প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান খান (৩৭) এবং মো. আব্দুল মুসা (৪২)। ইমরান খান নাটোরের গুরুদাসপুর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে খুলনার বটিয়াঘাটা এলাকায় বসবাস করছিলেন। আব্দুল মুসার স্থায়ী ঠিকানা খুলনার দাকোপ এলাকায় এবং তিনি বর্তমানে সোনাডাঙ্গা এলাকায় বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




























