
মোঃ রেজাউল আজিম,বাঁশখালী।
বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বাঁশখালীর প্রধান সড়কের মিয়ার বাজার চৌধুরী মার্কেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের পরিচালক এইচ. এম. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুর রহমান সোহেল, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শিব্বির আহমদ রানা, ‘প্রিয় বাঁশখালী’র সম্পাদক কাজী শাহরিয়ার, জাতীয় নাগরিক পার্টির নেতা মোহাম্মদ আব্দুর রহমান, সমাজকর্মী মোহাম্মদ আব্বাস উদ্দিন খান, মোহাম্মদ মিফতাহুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক একজন ব্যক্তির পাশাপাশি তার পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকাসক্তির কারণে তরুণদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ে। অন্যদিকে জুয়ার কারণে মানুষের আর্থিক নিরাপত্তা ও পারিবারিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা বলেন, মাদক ও জুয়া প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ধরনের পরিচয় বা প্রভাবের আড়ালে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় স্থানীয় পর্যায়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে সংগঠনের সদস্যরা মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। একই সঙ্গে বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনগত ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
র্যালি ও মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।




























