
বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা রাজনীতি ও সমাজসেবায় এক উজ্জ্বল নক্ষত্রের নাম আল মুজাহিদ মল্লিক। তিনি সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি এবং আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তবে এসব পরিচয়ের ঊর্ধ্বে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত এক 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে। দীর্ঘদিন ধরে সোনারগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সমাজসেবক। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে নিয়মিত আর্থিক অনুদান দিয়ে আসছেন। স্থানীয়রা জানান, আল মুজাহিদ মল্লিক শুধু একজন সফল ব্যবসায়ী বা রাজনীতিবিদ নন, তিনি একজন মননশীল ও হৃদয়বান মানুষ। বিপদে-আপদে যেকোনো মানুষ তার কাছে গিয়ে খালি হাতে ফেরে না। নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে তিনি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ইতিমধ্যেই তিনি উপজেলার সর্বস্তরের মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁওয়ের আনাচে-কানাচে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটারদের মতে, সোনারগাঁওয়ের সামগ্রিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আল মুজাহিদ মল্লিকের মতো একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের নেতার বিকল্প নেই। নির্বাচনী প্রস্তুতি ও নিজের অনুভূতি ব্যক্ত করে আল মুজাহিদ মল্লিক বলেন:
"আমি পদের লোভে রাজনীতি করি না, বরং রাজনীতিকে মানুষের সেবা করার একটি মাধ্যম মনে করি।সোনারগাঁওয়ের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। দল যদি আমাকে সুযোগ দেয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে সোনারগাঁও উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। জীবনের শেষদিন পর্যন্ত আমি সাধারণ মানুষের সেবক হয়েই থাকতে চাই।"সোনারগাঁও উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের প্রত্যাশা, দলমত নির্বিশেষে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মানবতার ফেরিওয়ালা আল মুজাহিদ মল্লিক বিপুল ভোটে বিজয়ী হয়ে সোনারগাঁওবাসীর স্বপ্নপূরণে নেতৃত্ব দেবেন।




























