
আকির হোসেন,মোহনগঞ্জ: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম এবং সকল শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেয়। কুইজ প্রতিযোগিতাটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী (ছোট গ্রুপ) এবং নবম থেকে দশম শ্রেণী (বড় গ্রুপ)। প্রতিযোগিতায় ছোট গ্রুপে ১ম স্থান অর্জন করে সপ্তম শ্রেণীর ১ রোলধারী শিক্ষার্থী মাইশা আক্তার এবং বড় গ্রুপে ১ম স্থান অর্জন করে নবম শ্রেণীর শিক্ষার্থী তানহা আক্তার। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক সহ উপস্থিত শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠান শেষে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ।




























