
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে রুহুল আমীন নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বীর নির্দেশনায় বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা (পূর্ব) এবং বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের বিভিন্ন জায়গায় দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
অভিযান সূত্রে জানা যায়, বাঙ্গরা (পূর্ব) এবং বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নে কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্যক্রম বন্ধ করা হয় এবং ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ২২০০ ফুট পাইপ অপসারণ করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী রুহুল আমীন নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























