
বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ পেয়েছেন মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।
ব্যবসায়িক নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সফলতা এবং সামাজিক দায়বদ্ধতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) নেপালের ললিতপুরের কুপন্ডোলের হোটেল হিমালয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে আলহাজ মোহাম্মদ সোহাগের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রথম রাষ্ট্রপতি ড. রাম বরন যাদব। এছাড়া সিজন মিডিয়া, নেপালের চেয়ারম্যান প্রদীপ রাজ ওন্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কারের সনদে বলা হয়, উদ্যোক্তা নেতৃত্ব, ব্যবসায়িক উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ও এশিয়াজুড়ে সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নে অর্থবহ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সনদে আরও উল্লেখ করা হয়, দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীল উদ্যোগের প্রতি অঙ্গীকার এবং সামাজিক প্রভাব তৈরিতে অবদানের মাধ্যমে মোহাম্মদ সোহাগ পেশাগত সাফল্য, দায়িত্বশীল নেতৃত্ব ও উৎকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে।
‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এশিয়ার বিভিন্ন দেশের সফল পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।
এ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের উদ্যোক্তা অঙ্গনে নতুন একটি স্বীকৃতি যুক্ত হলো মোহাম্মদ সোহাগের ঝুলিতে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ অর্জন দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।




























