
ইসরাফিল ইসলাম মান্দা নওগাঁ:নওগাঁর মান্দায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে উপজেলার মৈনম ইউপির বর্দ্দপুর গ্রামের আশ্রয়ণ ও আদর্শ গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় ৩দিন ধরে প্রায় শতাধিক পরিবারের চুলায় আগুন জ্বলেনি। রান্না করা খাবারের পরিবর্তে শুকনো খাবার খেয়ে দিনাতিপাত করছেন প্রায় দুইশত পরিবার। জলাবদ্ধতার মধ্যে সাপ ও জোঁকের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন পানিবন্দী মানুষগুলো। স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও উজানের কয়েকটি উপজেলা থেকে আসা পানিতে আশ্রয়ণ পল্লিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর থেকে পল্লিতে পানি প্রবেশ করতে শুরু করে। বর্তমানে পুরো এলাকায় হাঁটুসমান পানি জমে গেছে।যার ফলে ঘরবাড়ি, রান্নাঘর ও চুলা পানিতে ডুবে যায়। কঠিন দুর্ভোগে পড়েছে শিশু, বয়স্ক নারী,পুরুষরা। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়েছে। রান্নার সুযোগ না থাকায় শুকনো খাবারই তাদের একমাত্র ভরসা।হঠাৎ করে পানিবন্দী হয়ে পড়ায় সাপের আতঙ্কে অনেক পরিবারের নির্ঘুম রাত কাটছে। পল্লির বাসিন্দা বায়োজিদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দুপুর থেকে পল্লিতে পানি ঢুকতে শুরু করে। এখন পুরো এলাকায় হাঁটুসমান পানি। রান্নার চুলা ডুবে গেছে, ঘরেও পানি উঠেছে। তিন দিন ধরে রান্না করা খাবার খেতে পারিনি। খুব কষ্টে দিন কাটছে।’ পানিবন্দী মানুষগুলো জানান স্থানীয় দু’একজন নেতা ছাড়া আর কেউ খোঁজখবর নিতে আসেনি।’ এমতাবস্থায় শনিবার (১০ জুলাই) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশনায় প্রশাসনের উদ্যোগে পানিবন্দি ২০০ পরিবারের মধ্যে স্যালাইন, মোমবাতি চিড়া মুড়ি গুড় সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সার্থী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মৈনম ইউপি চেয়ারম্যান আনিছার রহমান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম সহ স্থানীয় সমাজ সেবকগণ।উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সার্থী বলেন, এটি বন্যা নয়, হঠাৎ ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা। দ্রুত সংবাদ পেয়ে পেয়ে গত শুক্রবার এলাকা পরিদর্শন করেছি । মাননীয় সংসদ সদস্যের তাৎক্ষণিক নির্দেশনায় আজ পানিবন্দি পরিবারগুলোর মধ্যে স্যালাইন, মোমবাতি ও শুকনো খাবার বিতরণ করা হয়।যেকোনো এলাকার সঠিক তথ্য জানালে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এত থাকবে।





























