
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে প্রথমবারের মতো শুভাগমন করেছেন শেষ নবী হযরত মুহাম্মদ ﷺ-এর ৪০তম বংশধর, রাহনুমায়ে শরিয়ত ও তরীকত, মুর্শিদে বরহক ও পীরে বাঙ্গাল হযরতুলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মুদ্দাজিল্লুহুল আলী)। তাঁর আগমনকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত ও মুরিদানের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।গতকাল শুক্রবার (২১ আগস্ট) নরসিংদীর বাসাইল শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ‘আজিমুশশান নূরানী মাহফিল’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মুদ্দাজিল্লুহুল আলী)। সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সৈয়দ মুহাম্মদ কাশিম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকবর শাহ (মুদ্দাজিল্লুহুমুল আলী)। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম ও ধর্মীয় বক্তারা মাহফিলে উপস্থিত ছিলেন।রাত ৯টার দিকে গাউসিয়া তাহরিয়া আবদুল আলী সুনিয়া কমপ্লেক্সের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নারী ভক্তদের বায়াতের মাধ্যমে তাঁর নরসিংদী সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।পরে বাসাইল শাহী ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে এশার নামাজে ইমামতি করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। নামাজ শেষে অনুষ্ঠিত মাহফিলে তিনি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় মুরিদানদের বায়াত গ্রহণ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।নরসিংদীতে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহের প্রথমবারের এই শুভাগমন উপলক্ষে বাসাইল শাহী ঈদগাহ ময়দানে বিপুলসংখ্যক মুসল্লি, ভক্ত ও মুরিদানের সমাগম ঘটে। তাঁকে একনজর দেখতে ও ধর্মীয় বক্তব্য শুনতে দূর-দূরান্ত থেকে ভক্তরা মাহফিলে উপস্থিত হন। মাহফিলকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় ও আধ্যাত্মিক আবহ।





























