
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।আজ (১৫ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি জানান, জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার প্রত্যক্ষ নির্দেশনায় মহানগর জুড়ে এই বিশেষ অপরাধ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:২৫ ঘটিকায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহানগরের পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি রেজিস্ট্রেশন নম্বর বিহীন লাল রঙের TVS 4V 160cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্রধারী ওই দুই আসামির বিরুদ্ধে ইতোমধ্যে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আরও উল্লেখ করেন, গাজীপুর মহানগরীর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জিএমপির এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।





























