
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাকিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেললাইনসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাকিম আলীগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত ইউনুস মোল্লা।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশের অপরাধী তথ্য যাচাই করে এসব মামলার তথ্য পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই খলিল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




























