
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় লুট করে নেওয়ার চেষ্টা করা আসবাবপত্র উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সোলেমান মিয়ার বাড়িতে কিছু মূল্যবান আসবাবপত্র রাখা ছিল। তিনি বর্তমানে অন্যত্র বসবাস করলেও বাড়িটি ফাঁকা থাকায় স্থানীয় একটি চক্র সুযোগ নিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র বের করে নিচ্ছিল। এ সময় খবর পেয়ে তিনি জরুরি নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের ধাওয়া দেয়। পরে তারা আসবাবপত্র ফেলে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ঘটনাটি নিয়ে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। পুলিশের কাউকে মারধর করে সন্ত্রাসীদের ছিনিয়ে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী সোলেমান মিয়া বলেন, তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরে। কাশিপুরের বাড়িতে পরিবার নিয়ে মাঝে মাঝে থাকেন এবং কয়েকটি কক্ষ ভাড়া দেওয়া আছে। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। ভাড়াটিয়াদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন।
এলাকাবাসীর দাবি, হাসেমবাগ এলাকায় একটি সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে, যারা চুরি, ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারাই এ ঘটনার সঙ্গে জড়িত বলে তাঁদের অভিযোগ।





























