
- নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর এক নেতাকে তাঁর ডিমের দোকানে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে পাগলা নয়ামাটি ভাবির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ২৬ অক্টোবর পাগলা নাক কাটা বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নিহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা কৌশলে ওই টাকা আত্মসাতের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দেলোয়ার হোসেনসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি এতে বাধা দেন।
এর জেরে পরদিন ২৭ অক্টোবর দুপুরে দেলোয়ারের ডিমের দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মাথা ও কপালে রক্তাক্ত জখম হয় এবং বাম চোখে আঘাত লাগে।
দেলোয়ারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




























