
ইসমাইল হোসেন পোরশা
নওগাঁর পোরশায় “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের নাজমুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে “কেবল কঠোর আইন নয়, সচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে” বিষয়ে অংশ নেয় গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় ও শিশা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় শিশা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় এর পক্ষে হুমায়রা জান্নাত, জেরিন সায়মা ও ফাতেমা জান্নাত অংশগ্রহণ করে রানারআপ ছিনিয়ে এনেছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফিয়া ফামিদা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তাই দেশপ্রেম, নৈতিকতা ও সততার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয় এবং দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




























