
মো.মুরাদ মৃধা রাণীনগর দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।বৃহস্পতিবার(২৫ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন আর কামতা এসএন উচ্চ বিদ্যালয় রানার আপ স্থান অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে আইমান।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মোফাখ্খার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এছাড়া প্রতিযোগিতার বিচারক এ্যাড. ড. আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, অনিত কুমার প্রামাণিক, সমন্বয়ক প্রভাষক রোকসানা পারভীন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি বলেন, দুর্নীতি মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আজকের শিক্ষার্থীদের দুর্নীতি সম্পর্কে সচেতন করার কোন বিকল্প নেই। তাই এই ধরণের আয়োজন আগামী প্রজন্মকে দুর্নীতি সম্পর্কে সচেতন করতে পাথেয় হিসেবে কাজ করবে। আগামীতেও এই ধরণের আয়োজন আরো বেশি বেশি করার আহ্বান জানান তিনি।




























