
আকির হোসেন, মোহনগঞ্জ: ভারতের শিলিগুড়িতে মহানন্দা নদীর পানিতে ডুবে মো. সাফায়েল হোসেন নওশাদ নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের ব্যবসায়ী মো. সানোয়ার হোসেনের বড় ছেলে।নওশাদ শিলিগুড়ির ‘ফুলবাড়ী মহানন্দা ইন্টারন্যাশনাল স্কুল’-এর দশম শ্রেণির ছাত্র ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার তিন বন্ধু মিলে মহানন্দা নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। পরবর্তীতে ভারতের SDRF, NDRF ও Civil Defence-এর যৌথ প্রতিনিধি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।দীর্ঘ তল্লাশি অভিযান শেষে আজ সকালে ফুলবাড়ী মহানন্দা নদীর ব্যারেজসংলগ্ন এলাকা থেকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়। তারা নদীর যে স্থানে গোসল করতে নেমেছিলেন, সেখান থেকে প্রায় ১০০ মিটার দূর থেকে মরদেহগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।মেধাবী শিক্ষার্থী নওশাদের এমন অকাল ও আকস্মিক মৃত্যুর খবর মোহনগঞ্জে পৌঁছালে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় পুরো মোহনগঞ্জ উপজেলায় শোকের আবহ বিরাজ করছে।



























