
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ১০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ মোঃ রনি আহম্মেদ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের একটি চা স্টলের সামনে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজনভাবে চলাচলকারী রনি আহম্মেদকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়। একই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক রনি আহম্মেদ লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের হাবিবুর রহমান হাবুলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের রেকর্ড অনুযায়ী, আটক রনির বিরুদ্ধে এর আগে লালপুর থানায় আরও দুটি মামলা রয়েছে।



























