
গোলাম রাব্বি, লালপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ নাজমুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে লালপুর থানার পুলিশের একটি দল গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্সের সিঁড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক নাজমুল হোসেন লালপুর উপজেলার পোকন্দা (পূর্ব) গ্রামের মোঃ ইব্রাহীম হোসেনের ছেলে। লালপুর থানা পুলিশ জানায়, অভিযানে নাজমুল হোসেনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




























