
শফিকুল স্টাফ রিপোর্টার ঃ গাজীপুরের শ্রীপুরে সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণের ছবি ও তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের জিম্মি, অসদাচরণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক নেতা মাসুদ রানার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিক ও সর্বস্তরের বাসিন্দারা।ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর এলাকায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করার খবর পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী তথ্য ও ছবি সংগ্রহ করতে যান। এ সময় অভিযুক্ত কৃষক নেতা মাসুদ রানা ও তার অনুসারীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা সাংবাদিকদের অবরুদ্ধ ও জিম্মি করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং তাদেরকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে হেনস্তা করেন। একপর্যায়ে সাংবাদিকদের প্রকাশ্য প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়।এই ঘটনার পর শ্রীপুরের কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বর হেনস্তা ও হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত। সাংবাদিকদের জিম্মি করে ‘ভুয়া’ আখ্যা দেওয়ার অপচেষ্টা মূলত মূল ঘটনা আড়াল করার একটি কৌশল।বক্তারা অবিলম্বে অভিযুক্ত মাসুদ রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে স্থানীয় প্রশাসনকে শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের ওপর হামলার ও হুমকির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




























