
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের আখড়া মোড় থেকে বলিয়ারদী ইউনিয়ন পরিষদ পর্যন্ত নবনির্মিত সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ধসের চিত্র নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা দেখা দিয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের পাশের কংক্রিট স্ল্যাব ধসে পড়া, ফাটল সৃষ্টি এবং মাটি সরে গিয়ে গর্ত তৈরি হওয়ায় সড়কটির নির্মাণমান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রত্যাশার এই সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। কিন্তু সম্প্রতি সড়কের বিভিন্ন অংশে দেখা গেছে পাশের কংক্রিট স্ল্যাব সরে যাওয়া, ধসে পড়া এবং ভেঙে যাওয়ার দৃশ্য। কোথাও কোথাও নিচের মাটি সরে গিয়ে বড় আকারের ফাঁকা গর্তও তৈরি হয়েছে।এ বিষয়ে স্থানীয় এক সংবাদকর্মী জনগণের অভিযোগ ও সড়কের ভাঙনের বিষয়টি তুলে ধরে উপজেলা প্রকৌশলী বনি আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “স্থানীয়দের কথা আমাকে শুনাইয়েন না, আমাদের কথা স্থানীয়দের শুনাইয়েন।” তার এই মন্তব্য নিয়েও এলাকায় নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, সড়কটি নির্মাণের কয়েক মাসের মধ্যেই এমন অবস্থা হওয়া উদ্বেগজনক। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। ফলে ভাঙনের কারণে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।স্থানীয়দের মতে, জনগণের কষ্টার্জিত করের টাকায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে গুণগত মান ও কার্যকর তদারকি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা মনে করেন, একটি সড়কের প্রকৃত সাফল্য শুধু নির্মাণকাজ শেষ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সেটির স্থায়িত্ব, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতার ওপরই প্রকৃত মূল্যায়ন নির্ভর করে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের পাশাপাশি পুরো সড়কের নির্মাণমান ও কারিগরি দিক যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে ভাঙনের কারণ অনুসন্ধান করে দায়-দায়িত্ব নির্ধারণেরও আহ্বান জানিয়েছেন তারা।স্থানীয়দের ভাষ্য, উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়। বর্তমানে বলিয়ারদী ইউনিয়নের এই নবনির্মিত সড়ককে ঘিরে সেই আস্থার জায়গাতেই প্রশ্ন দেখা দিয়েছে।এ বিষয়ে জানতে জেলা প্রকৌশলী মোহাম্মদ এনায়েত কবীর (নির্বাহী প্রকৌশলী) 'র সরকারি নাম্বার ০১৭০৮-১২৩২০৭ এ হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




























