
আকির হোসেন
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে সাইকেল চেপে দেশের ৬৪ জেলা ভ্রমণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২২ বছর বয়সী যুবক মো. আশরাফুল ইসলাম (মুন্না)।
গত ২৬ জুন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে তাঁর এই যাত্রা শুরু হয়। ভ্রমণের মাধ্যমে তরুণ ও যুব সমাজের কাছে মাদকবিরোধী সচেতনতা পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। তাঁর এই অভিযানের মূল প্রতিপাদ্য— "মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবনের পক্ষে থাকুন।"
ইতোমধ্যে মুন্না নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট,নীলফামারী,পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর , বগুড়া, সিরাজগঞ্জ এবং আগামীকাল পাবনা জেলার উদ্দেশ্যে রওনা দিবে। ভ্রমণের প্রতিটি ধাপে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করে মাদকের মারাত্মক ক্ষতিকর দিকগুলো তুলে ধরছেন এবং তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছেন।
মো. আশরাফুল ইসলাম মুন্না নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের বাসিন্দা। তিনি মো. আশিক নুর ও ছারুয়ার জাহান দম্পতির ছেলে। শিক্ষাগত যোগ্যতায় এসএসসি পাস করার পর বর্তমানে তিনি এইচএসসিতে অধ্যয়নরত। এত অল্প বয়সে সমাজের কল্যাণে এমন অনন্য উদ্যোগ গ্রহণ করায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি।
নিজের এই উদ্যোগ সম্পর্কে আশরাফুল ইসলাম মুন্না বলেন, "দেশের তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকলে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমার এই সাইকেল ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, বরং মাদকবিরোধী সামাজিক আন্দোলনের এক অনন্য বার্তা। আমি চাই দেশের প্রতিটি তরুণ সচেতন হোক এবং সুস্থ জীবন গঠনে এগিয়ে আসুক।"
তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক এই উদ্যোগ ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, এ উদ্যোগ যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের ৬৪টি জেলা ভ্রমণ শেষে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের স্বপ্নও রয়েছে মুন্নার। এই স্বপ্ন পূরণে তিনি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
তরুণদের সচেতন করতে সাইকেলে ৬৪ জেলা ভ্রমণে মোহনগঞ্জের মুন্না




























