
আবু রায়হান টাঙ্গাইল বুরো:
টাঙ্গাইলে শিশু পুত্রকে হত্যার দায়ে সাবরিনা নাহার সিনথী নামে এক সৎ মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত সিনথী (২৪) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মো: আলাউদ্দিনের মেয়ে।
টাঙ্গাইল দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রিপন জানান, টাঙ্গাইলের পশ্চিম কাগমারা গ্রামের সরোয়ার হোসেনের ছেলে ইমন ২০০৯ সালে কালিহাতীর এলেঙ্গায় লিজা নামে এক মেয়েকে বিয়ে করেন। তাদের ঘরে সাইফ আহমেদ নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। পারিবারিক মনোমালিন্যের কারণে ইমনের সাথে লিজার তালাক হয়ে যায়।
পরবর্তীতে ২০১৮ সালে প্রেমের সূত্র ধরে সিনথীকে বিয়ে করেন ইমন। তিনি দ্বিতীয় স্ত্রী সিনথীকে নিয়ে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকায় একটি ফ্লাটে ভাড়া থাকতেন। আর শিশু পুত্র সাইফ (১০) থাকতো তার দাদার কাছে। ২০২০ সালের ১৭ জানুয়ারি দুপুরে ইমন তার ছেলে সাইফকে ভাড়া বাসায় নিয়ে যান। পরদিন ১৮ জানুয়ারি সন্ধ্যায় ইমন বাইরে থাকার সুযোগে সিনথী পরিকল্পিতভাবে সাইফকে ওড়না দ্বারা হাত-পা ও নাক-মুখ বেঁধে শ্বাস রোধ করে এবং পরে পানি ভরা বালতিতে মাথা ডুবিয়ে হত্যা করে।
এ ঘটনায় ১৯ জানুয়ারি সাইফের দাদা সরোয়ার হোসেন টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে সন্দিগ্ধ আসামি হিসেবে সিনথীকে গ্রেফতার করে পুলিশ। একপর্যায়ে শিশু সাইফকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় অভিযুক্ত সিনথী।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ।
বিচার কার্যক্রম শেষে সৎ মা সিনথীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামির উপস্থিতিতে রায় পড়ে শোনান বিজ্ঞ বিচারক।
পরে আসামিকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেফালী আক্তার।




























