
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় দু'টি খাল পুণ:খনন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে সাশ্রয় হওয়া ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যয়ের পর অবশিষ্ট অর্থ ফেরত দেয়ার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হাসিবুল হাসান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় ভাণ্ডারিয়া উপজেলার ভারানীর খাল এবং চরখালি কাটাখাল পুনঃখননের উদ্যোগ নেয়া হয়। মোট ২ দশমিক ৩৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য প্রকল্পের অধীনে ৭৭ লাখ টাকা বরাদ্দ করা হয়। এবং ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে খালগুলো পুনঃখননের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের পর দেখা যায় বরাদ্দকৃত অর্থের মধ্যে ১৪ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে। পরে ইউএনও সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে উদ্বৃত্ত সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন।
প্রকল্পের প্রতিটি ধাপে নিবিড় তদারকি এবং ডিজিটাল সার্ভের মাধ্যমে কাজের পরিমাপ নিশ্চিত করায় অপ্রয়োজনীয় ব্যয়, ভুয়া শ্রমিকের বিল এবং আর্থিক অপচয় রোধ করা সম্ভব হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, খাল কাটা বাস্তবায়নের পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধ করে জনগণের প্রয়োজনে গুরুত্ব দেওয়ার মাধ্যমে খালের পাশে রাস্তা নির্মাণ করাও হয়েছে এবং সবশেষে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার বিষয়টি খুবই প্রশংসনীয়। তারা, সততা ও স্বচ্ছতার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুল হাসান বলেন, ‘সরকারি বরাদ্দ ও নির্ধারিত নকশা অনুযায়ী ভারানীর খাল ও চরখালি কাটাখাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হয়েছে। একই সাথে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার কথা মাথায় রেখে খালের পাশে একটি ইট-সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। সব কাজ শেষ করার পর অবশিষ্ট ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জনগণের অর্থ জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করতে হবে।’
এ বিষয়ে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাশ্রয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ভাণ্ডারিয়া উপজেলার ইউএনও মো: হাসিবুল হাসান খাল পুনঃখনন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে সততা ও সুশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।’




























