
আবু রায়হান টাঙ্গাইল বুরো:
টাঙ্গাইলের কালিহাতীতে হামিদপুর বাজারে ব্যবসায়ীর দোকানঘর জোরপূর্বক দখল এবং দোকানে থাকা দুইশত বস্তা চাল ও ক্ষুদ চুরির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫শে অক্টোবর (রোববার) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ভুক্তভোগী ব্যবসায়ী কালিহাতী পৌর বিএনপি’র সাবেক সভাপতি হানিফ উদ্দিন এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার এবং দোকানঘর ফেরত পাওয়ার দাবিতে জেলা বিএনপিসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে হানিফ উদ্দিন বলেন, আমি দীর্ঘ ৪৫-৪৬ বছর ধরে হামিদপুর বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সরকার কর্তৃক দোকানঘর বরাদ্দের পর আমার ছেলে ইমরান সিকদারের নামে লাইসেন্স নিয়ে সেখানে চালের ব্যবসা করছিলাম। একই সাথে নিয়মিত সরকারি ট্যাক্স প্রদান করে আসছিলাম। গত চার মাস আগে থেকে ঘাটাইল দিগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে বেশ কিছু লোক আমাদের দোকানটি তাদের দখলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ বিষয়ে আমি ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার এবং ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করি।
গত ২১ অক্টোবর সকালে আমি বাজারে গিয়ে আমার দোকানকে তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভেতরে ঢুকে দোকানে থাকা প্রায় দুইশ’ বস্তা চাল ও ক্ষুদ চুরি হয়েছে দেখতে পাই।
আমি এঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি করছি। একই সাথে প্রশাসনের কাছে আমার বৈধ দোকান ও মালামাল ফেরত পাওয়ার আবেদন করছি।
এ প্রসঙ্গে অভিযুক্ত ঘাটাইল দিগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি মিথ্যা। আমরা কোন চাল লুট করেনি।




























