
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া-বিলকাজুলী সড়কসংলগ্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় জলাশয় থেকে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে জালের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া হয়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























