
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলায় বসবাসকারী অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, চিকিৎসা সুবিধা এবং সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সশস্ত্র বাহিনী বোর্ডের (ডিএএসবি) সচিব মেজর আহমেদ আশেকুল আরিফিন। গাজীপুর জেলার বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পদবির সৈনিকরা এই মতবিনিময় সভায় অংশ নেন।অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নিয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা পেনশন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা, সন্তানদের শিক্ষাভাতা এবং কল্যাণ তহবিলের বিভিন্ন সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে মাঠপর্যায়ে তাদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সাথে তারা এসব সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, আধুনিক ও গতিশীল করার দাবি জানান।প্রধান অতিথির বক্তব্যে মেজর আহমেদ আশেকুল আরিফিন অবসরপ্রাপ্ত সৈনিক ও কর্মকর্তাদের দেশের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মাঠপর্যায়ে সেবা আরও সহজ করার আশ্বাস দেন। সশস্ত্র বাহিনী বোর্ড অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে সবসময় পাশে থাকবে বলেও তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।




























