
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ২৬ নং ওয়ার্ডের দিদার পাগলা মাজার রোড এলাকায় একটি ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ঢালাইয়ের কাজে সিডিউল অনুযায়ী উন্নতমানের পাথর ব্যবহারের কথা থাকলেও, সেখানে দেদারসে ব্যবহার করা হচ্ছে ইটের ভাঙা সুরকি। পাথর বলে এই নিম্নমানের সুরকি চালিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় সাধারণ জনগণ। তারা এই দুর্নীতির বিরুদ্ধে ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের ঢালাই কাজের জন্য স্তূপ করে রাখা হয়েছে ইটের ভাঙা অংশ ও সুরকি। শ্রমিকরা সেই সুরকি দিয়েই ঢালাইয়ের মিক্সার তৈরি করছেন। স্থানীয় বাসিন্দারা এই নিম্নমানের কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেন।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকারি টাকা লুটপাট করার জন্য পাথর না এনে সস্তা সুরকি দিয়ে ড্রেন করা হচ্ছে। এই ড্রেন কয়েক মাসও টিকবে না। এভাবে প্রকাশ্য দুর্নীতি মেনে নেওয়া যায় না। আমরা এই দুর্নীতিবাজ চক্রের কঠোর শাস্তি চাই।"
এ বিষয়ে ২৬ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা গাজীপুর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তদন্ত সাপেক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।




























